বাংলাদেশের শীত যেন অন্য ঋতুগুলোর থেকে আলাদা। কুয়াশা, ধোঁয়াটে রোদ, পিঠাপুলি ও খেজুরের রস—সব মিলিয়ে শীতের দিনগুলো গ্রামবাংলার এক বিশেষ উৎসবের মতো। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামে খেজুরগাছের ব্যস্ততা দেখা যায়। গভীর রাতে গাছি গাছে চড়ে কলসি ঝুলানো হয়, ভোরবেলায় সেই কলসির রস জমে ওঠে শীতের প্রথম উপহার—তাজা কাঁচা খেজুরের রস। বহু মানুষ সরাসরি কলসি থেকে খেতে ভালোবাসেন, আবার কেউ জ্বাল দিয়ে গুড় বা পাটালি বানান।

কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে এক অদৃশ্য হুমকি—নিপাহ ভাইরাস। প্রতি বছর শীত এলেই এটি মাথাচাড়া দিয়ে ওঠে, এবং প্রধান বাহক হয়ে দাঁড়ায় খেজুরের রস।

নিপাহ ভাইরাস: কেন ভয়াবহ? নিপাহ হলো জুনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। প্রধান বাহক হলো ফলখেকো বাদুড়, যারা রাতের অন্ধকারে খেজুরের রস খায়, মুখ লাগায় এবং কখনো প্রস্রাব বা মলমূত্র ফেলে যায়। ফলে রস দূষিত হয়ে মানুষ আক্রান্ত হয়।
মানুষের শরীরে ভাইরাস দ্রুত আক্রমণ করে। মস্তিষ্কে প্রদাহ, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত এবং ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটায়। বাংলাদেশের অভিজ্ঞতা দেখাচ্ছে—মৃত্যুহার প্রায় ৭০%, যা অত্যন্ত ভয়ংকর। টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। একমাত্র সুরক্ষা হলো প্রতিরোধ।

কাঁচা খেজুরের রস: সংক্রমণের উৎস:কাঁচা রসের সংক্রমণের প্রধান কারণগুলো হলো— * বাদুড় কলসিতে মুখ লাগানো বা প্রস্রাব/মল ফেলা * আংশিক রস খেয়ে রেখে যাওয়া * লালা বা দেহ নিঃসরণ রসে মিশে যাওয়া।দেখতে সুস্থ ও সুস্বাদু হলেও রস অদৃশ্য জীবাণু বহন করে, যা জীবনসংহারী হতে পারে। অনেকেই বলেন, “ছোটবেলা থেকে খাচ্ছি, কিছু হয়নি।” কিন্তু বিজ্ঞান বলছে—যতদিন বাদুড়ের সংস্পর্শ থাকে, ঝুঁকি থেকে যায়।

নিপাহের লক্ষণ

সংক্রমণের ৫–১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। শুরুতে সাধারণ ভাইরাল সংক্রমণের মতো, তবে দ্রুত জটিলতা বাড়ে।

প্রাথমিক উপসর্গ:- * হালকা বা উচ্চ জ্বর * মাথা ও গলা ব্যথা * বমি, শরীর ব্যথা * অবসন্নতা ও দুর্বলতা

গুরুতর উপসর্গ:- * শ্বাসকষ্ট, নিউমোনিয়া * আচরণ পরিবর্তন, বিভ্রান্তি, অস্বাভাবিক ঝিমুনি * খিঁচুনি, এনসেফ্যালাইটিস।এই ধাপগুলো দ্রুত এগোয়, তাই রোগীকে দেরি না করে হাসপাতালে নেওয়া জরুরি।

নিপাহ প্রতিরোধ: জীবন রক্ষার ১০টি নিয়ম: ১. কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন; ফুটিয়ে বা জ্বাল দিয়ে খাওয়া নিরাপদ।২. স্যাপ স্কার্ট ব্যবহার করুন; রস ঝরার স্থান ঢেকে রাখলে বাদুড়ের সংস্পর্শ কমে। ৩. ক্ষতযুক্ত বা অস্বাভাবিক ফল ফেলুন। ৪. পাস্তুরাইজড নয় এমন জুস এড়িয়ে চলুন। ৫. আক্রান্ত রোগীর কাছাকাছি গেলে সতর্ক থাকুন। ৬. নিয়মিত হাত ধোয়া অভ্যাস করুন। ৭. অসুস্থ পশুপাখি থেকে দূরে থাকুন। ৮. পরিবার ও কমিউনিটিতে সচেতনতা বাড়ান; ভুল তথ্য দূর করুন। ৯. রাস ফুটানোর সময় পর্যাপ্ত তাপ বজায় রাখুন; ৭০–৮০°C তাপমাত্রায় ভাইরাস নিষ্ক্রিয় হয়। ১০. উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।

রোগীর খাদ্য ও পরিচর্যা: 
তরল খাবার: পানি, ওআরএস, স্যুপ। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার: সাগু, বার্লি, সেদ্ধ ভাত, ডাবের পানি, লেবুপানি, কাপড় ও বিছানার চাদর আলাদা। রোগীর ব্যবহৃত জিনিস ব্যবহার করবেন না। প্রক্রিয়াজাত বা কোম্পানির তৈরি জুস দেওয়া যাবে না। মানুষ, আবেগ ও অভ্যাস: সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশে নিপাহ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আবেগ, অভ্যাস ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা খাদ্যপ্রেম। খেজুরের রস আমাদের শীতের আনন্দ ও উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিনের অভ্যাস ও ছোটবেলার স্মৃতি মানুষের মধ্যে ঝুঁকি উপেক্ষার প্রবণতা তৈরি করে।
কিন্তু প্রিয় অভ্যাস সবসময় নিরাপদ নয়। এক গ্লাস কাঁচা রস সুস্বাদু হতে পারে, কিন্তু তা জীবন-ঝুঁকির কারণও হতে পারে। আমাদের চ্যালেঞ্জ হলো—সংস্কৃতি রক্ষা করা এবং একই সঙ্গে জীবন রক্ষার জন্য সচেতন থাকা।

চ্যালেঞ্জ মোকাবেলার মূল বিষয়গুলো-সচেতনতা বৃদ্ধি: পরিবারের সবাইকে ভাইরাসের ঝুঁকি সম্পর্কে শিক্ষিত করা। 

অভ্যাস পরিবর্তন: ফুটিয়ে বা জ্বাল দেওয়া ছাড়া কাঁচা রস গ্রহণ না করা। 
ভুল তথ্য দূরীকরণ: ছোটবেলায় খাওয়া ঝুঁকি নেই এমন ভুল ধারণা ভাঙাবিজ্ঞানসম্মত সতর্কতা: রস ঝরার স্থান ঢেকে রাখা, হাত ধোয়া, অসুস্থ পশুপাখি থেকে দূরে থাকা

নিপাহ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু রোগ নয়—এটি মানব সচেতনতা, সংস্কৃতি ও অভ্যাসের সঙ্গে একটি যুদ্ধ। প্রিয় জিনিসের মধ্যে জীবন ঝুঁকি রয়েছে কি না, তা চিন্তা করে সচেতন সিদ্ধান্ত নেওয়া, পরিবার ও সমাজকে রক্ষা করার দায়িত্ব।

পরিশেষে বলতে চাই,খেজুরের রস শীতের আনন্দ বাড়ায়, ঐতিহ্যকে সমৃদ্ধ করে, কিন্তু জীবন তার চেয়েও মূল্যবান। উৎসব থাকুক, তবে নিরাপদ উপায়ে ও সচেতনতার সঙ্গে। এই শীতে আসুন সবাই মিলে সিদ্ধান্ত নিই—কাঁচা রস নয়, সচেতনতা হোক নতুন অভ্যাস।

লেখক: চিকিৎসক, কলামলেখক ও প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি