বিয়ে করে রীতিমত ইতিহাসই গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শনিবার (২৯ নভেম্বর) ৬২ বছরের এই রাজনীতিবিদ গাঁটছড়া বেঁধেছেন ১৬ বছরের ছোট দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের সঙ্গে। খবর রয়টার্সের।
গতবছর বিশ্ব ভালোবাসা দিবসে হেইডনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আলবানিজ। তখনই জানা গিয়েছিল, এ বছর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এই যুগল। তবে বিয়ের দিনক্ষণ এবং আনুষঙ্গিক বিষয়গুলো গোপন রাখা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।
মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি।
আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।
বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।’
নবদম্পতি অস্ট্রেলিয়াতেই আগামী সোমবার থেক শুক্রবার পর্যন্ত মধুচন্দ্রিমা কাটাবেন।
নয়াশতাব্দী/এনএ