বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অভিনেত্রী তমালিকা কর্মকারের একটি আবেগঘন স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কয়েকদিন ধরেই এ বিষয়ে চলছে নানা মন্তব্য, বিতর্ক এবং পাল্টাপাল্টি মতামত।
তমালিকা তার পোস্টে লেখেন,
“আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম, ২০০০ সাল… অনেক বছর পেরিয়ে গেছে, ২৫ বছর। কিন্তু সেই সম্মান আজও মনে লালন করি। বিএনপি চেয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া- আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।”
এই পোস্ট প্রকাশের পরই তুমুল আলোচনায় নাম উঠে আসে অভিনেত্রীর। অনেকে তার এই বক্তব্যকে সাধুবাদ জানালেও, বেশ বড় অংশ সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন ‘রাজনৈতিক সুবিধাবাদী’ হওয়ার।
সাংবাদিক ও লেখিকা মিলি সুলতানা নিজের ফেসবুকে তমালিকার ছবি যুক্ত করে সমালোচনামূলক পোস্ট দিয়ে লিখেছেন, “তমালিকা কর্মকাররা দুধের মাছির মতো মিষ্টি দেখলেই খেতে ছুটে আসে। এদের আমি বলি ‘গর্তজীবী সেলিব্রেটি’।বিএনপির আমলে খালেদা জিয়ার গায়ে বাটার মাখিয়েছে, এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে সেদিকেই আশ্রয় নিয়েছে। এখন আবার নিজে পুরনো চরিত্রে ফিরে এসেছে।”
অনেকের মতে, তমালিকা নাকি শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি নিজের টাইমলাইন থেকে সরিয়ে ফেলেছেন এবং রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলাচ্ছেন।
মিলি সুলতানার পোস্ট ঘিরে আরও গতি পায় বিতর্ক। মন্তব্য বিভাগে অনেকে তমালিকাকে ‘সুযোগসন্ধানী’, ‘সুবিধাবাদী’, এমনকি আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন। কেউ লিখেছেন,
“এদের কোনো চরিত্র নেই, এরা সবসময় সুবিধার দিকটাই বেছে নেয়।”
আরেকজনের মন্তব্য, “সুবিধাবাদীদের কোন চরিত্র নেই আপা এরা নোংরা কিট। তবে এরা চিরকাল দুধেভাতে থাকে।”
সব মিলিয়ে তমালিকা কর্মকারের একটি সাধারণ শুভকামনার পোস্টই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচনা, পাল্টা সমালোচনা এবং মতামতের ঝড়ে এই বিষয়টি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে।