মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানো নিয়ে বিপাকে পুরো কপূর পরিবার। এরই মধ্যে মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক সিনেমা ‘ঈথা’–র শুটিং করতে গিয়ে নতুন করে বিপদে পড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর।

আন্দনবাজার এর এক প্রতিবেদনে বলা হয়, মুম্বইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় ইতিমধ্যেই তলব করা হয়েছে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কপূরকে। এ পরিস্থিতিতে শুটিং সেটেই আহত হন অভিনেত্রী। শনিবারের এ দুর্ঘটনায় চোট কতটা গুরুতর সেটি নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ছবির একটি লাভনি নৃত্যের দৃশ্যর শুটিং চলছিল। দ্রুত লয়ের এই নাচের পোশাকে অভিনেত্রীর গায়ে ছিল ভারী শাড়ি, একাধিক গয়না এবং ওজনদার কোমরবন্ধনীসব মিলিয়ে প্রায় ১৫ কেজি। নাচের এক পর্যায়ে কোমরবন্ধনী খুলে পড়ে যায়। এতে শ্রদ্ধার বাঁ পায়ে লাগে মারাত্মক চোট। ঘটনাস্থলেই শুটিং বন্ধ করতে বাধ্য হন ইউনিটের সদস্যরা।

চিকিৎসার জন্য তিনি দ্রুত মুম্বই ফিরে আসেন। যদিও এ অবস্থাতেও প্রযোজকের আর্থিক ক্ষতি হোক তা চান না অভিনেত্রী। তাই মুম্বই ফিরে যত ক্লোজ শট রয়েছে সবই চালিয়ে যাচ্ছেন শ্রদ্ধা কপূর।

ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নয়াশতাব্দী/এনএ